![]() |
| ছবি : সংগৃহীত |
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলা এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৪২ জন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান এই অভিযানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫৪৯ জনে এবং আহত হয়েছে এক লাখ ৬৭ হাজার ৫১৮ জন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মরদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চালাতে পর্যাপ্ত সরঞ্জাম ও লোকবল না থাকায় অনেক লাশ বের করে আনা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন : ইসরাইলি আগ্রাসনের পাল্টা জবাব দিল ইয়েমেন
এদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে যাওয়া সাধারণ ফিলিস্তিনিদের উপরও ইসরাইলি সেনারা নিয়মিত হামলা চালাচ্ছে। কেবল শুক্রবারই ত্রাণ নিতে গিয়ে পাঁচজন নিহত এবং অন্তত ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে আকস্মিক আক্রমণ চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। সে সময় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরাইল।
এই অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটি। গত নভেম্বরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। একইসঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক কথা / রাকিব
