এশিয়া কাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেও পাকিস্তানের ব্যাটিং ভুগছে অনিয়মিত পারফরম্যান্সে। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠলেও, সেই ম্যাচে তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩৫ রানে।
ব্যাটিংয়ের এই সমস্যাটা পাকিস্তান টিম ম্যানেজমেন্ট আগেই টের পেয়েছিল। তাই টুর্নামেন্ট চলাকালেই সাবেক অধিনায়ক বাবর আজমকে দলে ফেরানোর চেষ্টা করা হয়েছিল। তবে কোনো ইনজুরি না থাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পাকিস্তানের স্কোয়াডে পরিবর্তনের অনুমতি দেয়নি।
ফলে এশিয়া কাপে মাঠে নামতে না পারলেও, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে বাবরের দলে ফেরার সম্ভাবনা বেশ জোরালো। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে পাকিস্তান দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে।
গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতাশাজনক ব্যাটিংয়ের পর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন বাবর। এবার নতুনদের ব্যর্থতায় ঠিক সেই প্রোটিয়াদের বিরুদ্ধেই আবারও দলে ফিরতে পারেন এই তারকা ব্যাটার।
এদিকে ব্যক্তিগত কাজে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন বাবর আজম। সেখানেই ইংল্যান্ডের সাবেক তারকা কেভিন পিটারসেনের সঙ্গে দেখা গেছে তাকে। দুজনের একসঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায়, ভক্তরা ধারণা করছেন নতুন কোনো প্রজেক্টে একসঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তারা।
দৈনিক কথা / জোনায়েদ আহমেদ
