![]() |
| ছবি : সংগৃহীত |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানিয়েছেন, অনেকের চুল পড়ার পেছনে চারটি সাধারণ কারণ কাজ করে। এগুলো হলো - চুল অতিরিক্ত টাইট করে বাঁধা, শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার না করা, শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি এবং হরমোনজনিত বা থাইরয়েডের মতো শারীরিক সমস্যা।
চুলের যত্ন নিতে চাইলে এই বিষয়গুলো এড়িয়ে চলা ও নিয়মিত পরিচর্যা করা জরুরি।
১. চুল শুকানোর সঠিক পদ্ধতি
শ্যাম্পু করার পর তোয়ালে দিয়ে জোরে ঘষে চুল শুকানো উচিত নয়। এতে চুলের গোড়া দুর্বল হয়ে ভেঙে যায়। বরং তোয়ালে হালকা করে মাথায় জড়িয়ে রাখুন, যাতে তা ধীরে ধীরে পানি শুষে নেয়। পরে বাতাসে স্বাভাবিকভাবে চুল শুকিয়ে নিন।
২. টাইট করে চুল বাঁধা
চুল টাইট করে বাঁধলে হেয়ারলাইনে টান পড়ে এবং চুল ধীরে ধীরে উঠে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে ট্রাকশন অ্যালোপেশিয়া বলা হয়। তাই চুল ঢিলা করে বাঁধা ভালো এবং এমন হেয়ারস্টাইল এড়িয়ে চলুন যা চুলে চাপ ফেলে।
৩. শ্যাম্পুর পর কন্ডিশনার না ব্যবহার করা
অনেকে শ্যাম্পু করার পর কন্ডিশনার দেন না, কিন্তু এটি ভুল অভ্যাস। শ্যাম্পু চুল পরিষ্কার করে, আর কন্ডিশনার চুলের আর্দ্রতা বজায় রেখে তা নরম ও মসৃণ রাখে। তাই প্রতিবার শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা উচিত।
৪. পুষ্টির অভাব
প্রোটিন, ভিটামিন (A, B, C, D, E) এবং আয়রন, জিঙ্কের মতো খনিজ চুলের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব উপাদানের ঘাটতি হলে চুল দুর্বল হয়ে যায় ও পড়ে যেতে শুরু করে।
৫. হরমোনজনিত ও স্বাস্থ্য সমস্যা
থাইরয়েডের সমস্যা, গর্ভাবস্থা, সন্তান জন্মের পর হরমোনের পরিবর্তন, কিংবা অন্যান্য শারীরিক অসুস্থতার কারণেও চুল পড়তে পারে।
করণীয়
১. তোয়ালে দিয়ে ঘষে ঘষে চুল শুকানো বন্ধ করুন। বরং হালকাভাবে পানি মুছে বাতাসে শুকিয়ে নিন।
২. খুব টাইট করে চুল না বাঁধা এবং টান পড়ে এমন হেয়ারস্টাইল এড়িয়ে চলুন।
৩. শ্যাম্পুর পর সবসময় কন্ডিশনার ব্যবহার করুন।
৪. ভেজা চুল আচড়াবেন না, চুল একটু শুকিয়ে গেলে চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন।
৫. সুষম খাদ্য গ্রহণ করুন যাতে প্রোটিন, ভিটামিন ও খনিজ যথেষ্ট পরিমাণে থাকে।
এই সহজ নিয়মগুলো মেনে চললে চুল পড়ার সমস্যা অনেকটাই কমানো সম্ভব এবং চুল থাকবে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত।
