![]() |
| ছবি : সংগৃহীত |
মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য আনছে এক নতুন যুগের ফিচার, যা বদলে দেবে যোগাযোগের ধরন। সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গোপনীয়তা ও নিরাপত্তা আরও জোরদার করতে অ্যাপে চালু হতে যাচ্ছে নতুন ব্যবস্থা, ‘ইউজার নেম আইডেন্টিটি সিস্টেম’।
বর্তমানে হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠাতে হলে তার মোবাইল নম্বর জানা বাধ্যতামূলক। তবে নতুন এই ফিচার চালু হলে ইনস্টাগ্রামের মতোই ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি বিশেষ ইউজার নেম তৈরি করতে পারবেন। সেই ইউজার নেম দিয়েই অন্যদের খুঁজে পাওয়া, চ্যাট করা কিংবা ফাইল শেয়ার করা যাবে, মোবাইল নম্বর প্রকাশের দরকার হবে না।
প্রাথমিকভাবে এই সুবিধা বিটা ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পরীক্ষায় সবকিছু সফল হলে খুব শিগগিরই সবার জন্য উন্মুক্ত করবে মেটা।
এর আগে, হোয়াটসঅ্যাপ এনেছিল আরেকটি কার্যকর ফিচার—‘ট্রান্সলেট’। এর মাধ্যমে যে কোনো ভাষার মেসেজ অনুবাদ করা যায়। ব্যবহারকারী শুধু মেসেজে লং প্রেস করলেই দেখা যায় ‘ট্রান্সলেট’ অপশন, সেখান থেকে পছন্দের ভাষা বেছে নিলেই তাৎক্ষণিক অনুবাদ পাওয়া যায়।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই দুটি নতুন ফিচার হোয়াটসঅ্যাপকে করবে আরও নিরাপদ, সহজ ও ব্যবহারবান্ধব।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
