ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাসে নতুন নিয়ম


রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের জন্য উৎসাহ বোনাসে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে বছরে সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাস দেওয়া যাবে। তবে বোনাস দিতে হলে নিট মুনাফার হিসাবকে ভিত্তি ধরতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরিচালন মুনাফা থেকে ঋণ ও অগ্রিমের প্রভিশন, বিনিয়োগের ক্ষতি-লাভের প্রভিশন এবং অন্যান্য সম্পদের সম্ভাব্য ক্ষতির প্রভিশন বাদ দিয়ে যে নিট মুনাফা থাকবে, তার ওপর নির্ভর করেই বোনাস প্রদান করতে হবে।

এতে স্পষ্ট করা হয়েছে যে, আগের মতো খামখেয়ালিভাবে আর বোনাস দেওয়া যাবে না। এতদিন শৃঙ্খলার অভাব ছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে। ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেই অভিন্ন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।

জানা যায়, পূর্বে একটি নীতিমালা থাকলেও কিছু বড় ব্যাংক নিয়ম ভেঙে একাধিক বোনাস দিয়েছে। যেমন, ২০২৩ সালে সোনালী ব্যাংক সর্বোচ্চ সীমা অতিক্রম করে পাঁচটি উৎসাহ বোনাস দিয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৭ মার্চ অর্থ মন্ত্রণালয় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে বাড়তি বোনাসের টাকা ফেরত আনার নির্দেশ দেয়। তবে এখনো সেই টাকা ফেরত আসেনি। একই ধরনের অনিয়ম অন্যান্য ব্যাংকেও দেখা গেছে।

দৈনিক কথা / হোসাইন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন