চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান।
তিনি বলেন, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। সে অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করা বাধ্যতামূলক। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ২৬ জুন শুরু হওয়া এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। তবে কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়া হয় এবং চূড়ান্তভাবে পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট।
এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। ফলে প্রায় সোয়া ১২ লাখ শিক্ষার্থী এখন ফলাফলের অপেক্ষায় রয়েছে।
দৈনিক কথা / জোনায়েদ আহমেদ
