![]() |
| ছবি : সংগৃহীত |
দুই দশকের বেশি সময় পর প্রথমবারের মতো গণমাধ্যমে মুখ খুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৫ অক্টোবর) বিবিসি বাংলা তাদের ফেসবুক পেজে জানায়, তারা তারেক রহমানের একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছে।
বিবিসির তথ্যানুযায়ী, সেখানে তিনি জাতীয় রাজনীতি, আসন্ন নির্বাচনসহ নানা সমসাময়িক বিষয়ে মতামত ব্যক্ত করেছেন। দুই পর্বে সাজানো এই সাক্ষাৎকারের প্রথম অংশ সোমবার (৬ অক্টোবর) এবং দ্বিতীয় অংশ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টায় প্রচারিত হবে। এটি দেখা যাবে বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।
প্রায় ১৭ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। সেখান থেকেই তিনি ভার্চুয়ালি দলের কার্যক্রম ও সাংগঠনিক নির্দেশনা দিয়ে আসছেন। এতদিন তিনি কোনো গণমাধ্যমে সরাসরি সাক্ষাৎকার দেননি, ফলে তার এই উপস্থিতি রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি করেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমানের বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, যা তার গণমাধ্যমে ফেরার পথ খুলে দেয়।
