আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র হস্তান্তরের খবর ভিত্তিহীন : হামাস

ছবি : সংগৃহীত


ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণে তারা সম্মত হয়েছে, এমন সংবাদ পুরোপুরি ভিত্তিহীন ও মনগড়া। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আনাদোলু সংবাদ সংস্থা।


প্রতিবেদনে বলা হয়, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা অনুসারে হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও তা অস্বীকার করেছে হামাস। ঐ সব প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি-মিশরীয় প্রশাসনের কাছে অস্ত্র হস্তান্তর করবে।


হামাসের শীর্ষস্থানীয় নেতা মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন, “যুদ্ধবিরতি আলোচনা কিংবা অস্ত্র হস্তান্তর নিয়ে হামাসের অবস্থান সম্পর্কে কিছু গণমাধ্যমে যে তথ্য প্রকাশ হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”




তিনি অভিযোগ করেন, হামাসের অবস্থান বিকৃত করে জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে এসব খবর প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য যেন প্রচার না করা হয়।


এর আগে ২৯ সেপ্টেম্বর, গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব দেন ট্রাম্প। এতে ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দি বিনিময়, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। হামাস প্রস্তাবের বেশ কয়েকটি দিককে নীতিগতভাবে সমর্থন জানালেও নিরস্ত্রীকরণের বিষয়ে তারা এখনো স্পষ্ট কোনো অবস্থান নেয়নি বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন