![]() |
| ছবি : সংগৃহীত |
অন্তর্বর্তী সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পদে নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
বর্তমানে এনটিআরসিএ শুধু সহকারী শিক্ষক নিয়োগের দায়িত্বে আছে। তবে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগ পরিচালনা কমিটির মাধ্যমে হয়ে থাকে। এসব নিয়োগে দীর্ঘদিন ধরেই অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠে আসছে।
এ প্রসঙ্গে অধ্যাপক সি আর আবরার বলেন, “আমরা চাই নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা ও ন্যায়সংগত মূল্যায়ন নিশ্চিত হোক। তাই প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ এখন থেকে এনটিআরসিএর মাধ্যমে হবে।” তিনি আরও জানান, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার কার্যক্রমও বর্তমানে চলমান।
