![]() |
| ছবি : সংগৃহীত |
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতায় থাকা বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদনে নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে এ ধরনের আবেদন কেবল বিজোড় মাসেই করা যাবে।
রোববার মাউশি থেকে এই নির্দেশনা দেশের নয়টি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয় এবং তা সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়েছে।
এর আগে, গত ১১ সেপ্টেম্বর মহাপরিচালক প্রফেসর আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর মাসে শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির আবেদন জমা দিতে পারবেন। সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তারা প্রতি জোড় মাসের ৫ তারিখের মধ্যে এসব আবেদন যাচাই-বাছাই শেষ করবেন।
জেলা শিক্ষা কর্মকর্তারা একইভাবে প্রতি জোড় মাসের ১২ তারিখের মধ্যে আবেদন নিষ্পত্তি করবেন। এরপর আঞ্চলিক পরিচালক বা উপপরিচালকরা জেলার কাছ থেকে প্রাপ্ত আবেদনগুলো মাসের শেষ দিনে নিষ্পত্তি করে মাউশির ইএমআইএস সেলে পাঠাবেন।
