![]() |
| ছবি : এআই |
দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তথ্যটি জানানো হয়েছে মার্কিন নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC)-এর পূর্বাভাসে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বুধবার (১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন।
তিনি জানান, বর্ষা মৌসুম চলমান থাকায় সাধারণত এ সময়ে বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় তৈরির পরিবেশ অনুকূল হয় না। তাই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল দিয়ে স্থলে প্রবেশ করতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে ৬ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে।
গবেষক আরও উল্লেখ করেন, যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর নামকরণ করা হবে ‘শক্তি’।
এদিকে আবহাওয়া অফিসের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
