![]() |
| ছবি : সংগৃহীত |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক কাতারে আসতে হবে। তিনি সতর্ক করে বলেন, যদি আমাদের বিভক্তির কারণে আবারও ফ্যাসিবাদ ফিরে আসে, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্ত-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের সন্তানদের রক্তের ঋণ শোধ করতে হবে—এটাই আমাদের প্রতিজ্ঞা। ফ্যাসিস্ট শাসনের পুনরুত্থান যেন আর না ঘটে, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “মাত্র কয়েকটি লেখার কারণে আমাকে প্রায় সাড়ে নয় বছর নির্বাসনে কাটাতে হয়েছে। আয়নাঘরে বন্দি থাকতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। তবুও কখনো সংগ্রামের পথ থেকে সরে আসিনি।”
তিনি স্মৃতিচারণ করে বলেন, “একসময় আমি আর দেশ সম্পাদক মাহমুদুর রহমান একসঙ্গে পিজি হাসপাতালের প্রিজন সেলে ছিলাম। করোনারি কেয়ার ইউনিটের একটি সেলে আমাদের রাখা হয়েছিল। তিনি তখন অনশন করছিলেন। আমি তাকে অনুরোধ করেছিলাম—আপনি যদি মারা যান, শেখ হাসিনা খুশি হবে; তাই অনশন ভাঙুন। পরে বয়োজ্যেষ্ঠ নেতাদের অনুরোধে ছয়-সাত দিন পর তিনি অনশন ভঙ্গ করেন।”
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “আজ আমরা ছাত্রদের ঐতিহাসিক আন্দোলনের গৌরবগাথা শুনলাম, রক্তঝরা দিনগুলোর স্মৃতি স্মরণ করলাম। সেই ইতিহাস থেকেই আমাদের ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হবে। আমাদের সন্তানদের জন্য একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই হবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”
