গত চার বছরে ইউটিউবের মাধ্যমে, শিল্পী ও মিডিয়া প্রতিষ্ঠানগুলো পেয়েছে বিশাল অঙ্কের অর্থ প্রায় ১০০ বিলিয়ন ডলার। নিউইয়র্কে অনুষ্ঠিত বার্ষিক ‘মেইড অন ইউটিউব’ ইভেন্টে এ তথ্য জানায় প্ল্যাটফর্মটির কর্তৃপক্ষ।
ইউটিউব ২০২১ সালের পর থেকে নির্মাতাদের আয়ের এই মাইলফলক স্পর্শ করেছে। এ সময়ে প্ল্যাটফর্মটিতে সঙ্গীত, শর্টস, পডকাস্টসহ নানা ধরনের কনটেন্ট মিলিয়ে প্রকাশিত ভিডিওর সংখ্যা ২০ বিলিয়নেরও বেশি হয়েছে। বিজ্ঞাপনের আয় থেকেই মূলত কন্টেন্ট ক্রিয়েটররা এই অর্থ পেয়েছেন।
কোম্পানির তথ্য বলছে, শুধুমাত্র টিভি স্ক্রিনে প্রকাশিত ভিডিও থেকে বছরে এক লাখ ডলারের বেশি আয় করছে এমন চ্যানেলের সংখ্যা গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়েছে। ফলে নির্মাতাদের উপার্জনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার জোহানা ভুলিচ বলেন, “নির্মাতারা আজ সংস্কৃতি ও বিনোদনের ধারা বদলে দিচ্ছেন এমনভাবে, যা আগে কল্পনাই করা যেত না।”
এ বছর ২০ বছরে পা দিয়েছে ইউটিউব। দীর্ঘ পথচলায় এটি এখন বিশ্বের সবচেয়ে লাভজনক মিডিয়া প্ল্যাটফর্মগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে। গত বছর ইউটিউবের সিইও নীল মোহন জানিয়েছিলেন, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্রিয়েটরদের প্রায় ৭০ বিলিয়ন ডলার দেওয়া হয়েছে। এরপর মাত্র এক বছরের ব্যবধানে আরও ৩০ বিলিয়ন যোগ হয়েছে নির্মাতাদের আয়ের খাতায়।
দৈনিক কথা / আরএ
