![]() |
| ছবি : সংগৃহীত |
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোনে আলাপের সময় তিনি এই দুঃখপ্রকাশ করেন।
হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, নেতানিয়াহু স্বীকার করেছেন যে, হামাসের নেতাদের লক্ষ্য করে চালানো এ হামলায় কাতারের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে। সেই সঙ্গে একজন কাতারি সেনার মৃত্যুর ঘটনায় তিনি গভীর অনুতাপ প্রকাশ করেছেন।
৯ সেপ্টেম্বর দোহায় এই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি প্রস্তাবের প্রেক্ষিতে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করেই তারা আক্রমণ করেছিল। হামলায় অন্তত পাঁচ হামাস সদস্য প্রাণ হারান, পাশাপাশি নিহত হন কাতারের নিরাপত্তা বাহিনীর সদস্য বদর আল-দোসারি। তবে হামাসের শীর্ষ নেতৃত্ব প্রাণে বেঁচে যান।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী শুধু হামলার জন্য দুঃখ প্রকাশ করেননি, বরং ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আর কখনো লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতিও দিয়েছেন।
