![]() |
| ছবি : সংগৃহীত |
মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে পুরো সিরিজজুড়েই চলছে আলোচনা। স্পিনারদের জন্য সব সময়ই সহায়ক এই উইকেট এবার যেন আরও বেশি সুবিধা দিচ্ছে। আর সেই কারণেই ম্যাচের বাইরে আলোচনাও জমে উঠেছে।
এই অবস্থায় দুই দলই মাঝপথে দলে বাড়িয়েছে স্পিনার। বাংলাদেশের নাসুম আহমেদ ভালো খেললেও, ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেইন যেন তাকেও ছাড়িয়ে গেছেন। সুপার ওভারে নায়ক হয়ে দলের জয় নিশ্চিত করেছেন তিনি।
তবে মজার বিষয় হচ্ছে, সিরিজের প্রথম ম্যাচে দলের স্কোয়াডেই ছিলেন না আকিল। তিনি তখন ওয়েস্ট ইন্ডিজে বসে টিভিতে খেলা দেখছিলেন। মিরপুরের কালো পিচ দেখে প্রথম প্রতিক্রিয়া ছিল বেশ মজার। তিনি বলেন, “আমি শুরু থেকেই খেলা দেখছিলাম না। হঠাৎ টিভি চালিয়ে ভেবেছিলাম, টিভি নষ্ট হয়ে গেছে। পিচটা এতটাই কালো ছিল যে মনে হয়েছিল রঙ মুছে গেছে। পরে বুঝলাম, আসলে এটা মাটিরই রঙ।”
প্রথম ম্যাচে না থাকা নিয়ে তিনি বলেন, “ওটা পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত। আমার কাজ শুধু খেলাটা উপভোগ করা আর যতটা সম্ভব ভালো পারফর্ম করা। কে দলে থাকবে, সেটা ওদের ব্যাপার।”
এমন স্পিন সহায়ক উইকেট ক্রিকেটের জন্য ভালো কি না, এমন প্রশ্নে তিনি মজা করেই বলেন, “আজ আমরা একটা ইতিহাস গড়লাম ৫০ ওভার স্পিনে! ভাবুন তো, পৃথিবীর আর কোথায় এমন দেখা যায়? ম্যাচটা রোমাঞ্চকর ছিল, কিন্তু পিচটাও যে কতটা আলাদা তাও বুঝতে পেরেছেন।”
